নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মোল্লা (৫০) নামে এক বাবুর্চিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
রায়হান মোল্লা প্রয়াত মেছের আলীর ছেলে। নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন রায়হান। তিন ছেলেকে নিয়ে তল্লা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মেজো ছেলে মো. সাব্বির বলেন, তাদের মা মারা গেছেন। কয়েকদিন আগে চাষাঢ়া রেলস্টেশনে অস্থায়ী খাবারের দোকান দিতে চেয়েছিলেন বাবুর্চি রায়হান মোল্লা। কিন্তু সেটি স্থাপন করতে গেলে বাধা দেয় রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি। দোকান দিতে হলে চাঁদা দিতে হবে বলে জানান। পরে এ নিয়ে তর্কের জেরে রাজ্জাক তার বাবাকে ছুরিকাঘাত করে বলেও অভিযোগ করেন সাব্বির।
সাব্বির আরও জানান, রাজ্জাক মাদক ব্যবসায়ী। তার অনেক লোকজন আছে, তারা মাদকসেবী। এই কারণে এসব নিয়ে আমরা আর বাড়াবাড়ি করেনি। বাবারেও কইছি, এইটা নিয়া ওর সাথে আর কথা না বলতে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লাকে রাস্তার ওপর এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের লোকজন কয়েকজনের নাম বলছেন, বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে দেখব। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।
আরআর