কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের অভিযোগে দুই দোকানদারকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কুষ্টিয়া শহরতলির চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
তিনি জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শন নিষিদ্ধ। তবে শহরের বিভিন্ন দোকানে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার টাঙানো রয়েছে, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পোস্টার প্রদর্শনের দায়ে কুষ্টিয়া শহরের দোকানদার মো. হাশুকে পাঁচ হাজার টাকা এবং দোকানদার শরিফুর হককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ক্যালেন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এফআর