ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
সংস্থাটির তথ্যমতে, দেশজুড়ে বিক্ষোভের ১৬তম দিন পর্যন্ত মোট ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রতিবেদনে এইচআরএএনএ আরও জানায়, ইরানে টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
গত মাস থেকে ইরানজুড়ে দফায় দফায় বিক্ষোভ চলছে। গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভ শুরু হয়। ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনত অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদেই এই আন্দোলনের সূত্রপাত। পরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
ইরানের সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথাকথিত ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ মদদ দিচ্ছে, যারা দেশের বিভিন্ন স্থানে জনসমাগমপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, তার প্রশাসন ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় ‘খুব শক্ত বিকল্প’ বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, ইরান পরিস্থিতি নিয়ে তিনি প্রতি ঘণ্টায় প্রতিবেদন পাচ্ছেন, তবে যুক্তরাষ্ট্র কখন, কোথায় বা কীভাবে পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
সময়ের আলো/এমএইচজে/