জাপানের কিশি রেলস্টেশনে নতুন স্টেশনমাস্টার পদে অফিসিয়ালি নিয়োগ পেয়েছে ইয়োনতামা নামে একটি বিড়াল। যা কিনা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
বিভিন্ন সরকারি আধিকারিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে জাপানের কিনোকাওয়া শহরের কিশি রেলস্টেশনে অনুষ্ঠিত হয় ইয়োনতামার বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিড়ালটিকে গলায় মেডেল ঝুলিয়ে এবং প্রশংসাপত্র প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্টেশনমাস্টার হিসেবে বহাল করা হয়।
স্টেশনমাস্টার পদে বিড়ালের নিয়োগের ঘটনা জাপানে নতুন নয়। অনেক আগে থেকে কিশি রেলস্টেশনে বিড়ালদের গুরুত্ব রয়েছে। ২০০৭ সালে প্রথম তামা নামে একটি বিড়ালকে স্টেশনমাস্টার করা হয়- যেটি যাত্রীদের সঙ্গে ছবি তুলে ও অভিবাদন জানিয়ে রেলস্টেশনের একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এরপর তামার উত্তরসূরি হিসেবে নিটামা বিড়াল এ দায়িত্ব সামলেছে। এবার নতুন বছরের শুরুতে ইয়োনতামা সেই ঐতিহ্যকে ধরে রেখেছে।
এই বিড়াল স্টেশনমাস্টারদের কারণে কিশি রেললাইনটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল হিসেবে পরিচিতি পেয়েছে। পর্যটকরা বিড়াল স্টেশনমাস্টারদের সঙ্গে ছবি তুলতে আসেন এবং তাদের অনন্য স্বাগত অভিজ্ঞতা উপভোগ করেন।
ইয়োনতামার এই নিয়োগের খবর দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা জাপানের এই ঐতিহ্যবাহী কিশি রেলস্টেশনের জন্য আরও বেশি পর্যটক আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/এমএইচজে/