নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, মৃত হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা এবং মরহুম চান শরীফ সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জেলা কারাগার সূত্রে জানা যায়, সোমবার রাতে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক সাতটার দিকে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সময়ের আলো/কেএইচও