সম্প্রতি ঘটে যাওয়া তিনটি হত্যার ঘটনায় বিচার নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার বিচার নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী! একজন তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি”! আমি বললাম, “ইনশাআল্লাহ”!
তিনি আরও বলেন, একজন ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পড়ে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাঁকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুছাব্বির, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।
এর আগে, আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে জানানো হয়, ‘গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।’
সময়ের আলো/এনএ