চুয়াডাঙ্গার জীবননগর থেকে জাহিদুল ইসলাম জাহিদ (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জাহিদুল ইসলাম জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের দক্ষিণপাড়ার আশরাফ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, মঙ্গলবার রাতে ব্যক্তিগত কাজে জাহিদুল ইসলাম জাহিদ বাড়ি থেকে বের হন। এরপর রাতে সে বাড়িতে ফিরে আসেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোথাও খুঁজে পায়নি। বেলা ১১টার দিকে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার সঠিক তথ্য উদঘাটনের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
আরআর