আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।
এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে, যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।’
মুহাম্মদ হাসানুজ্জামান আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রিসাইডিং অফিসারদের ক্ষমতায়ন, কর্মপরিধি ও নিরাপত্তায় সাত দফা সুপারিশ করেছে ইসি। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারদের দায়িত্বপালনে সক্ষমতা বৃদ্ধি ও অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রে আরো কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মতামত চেয়েছে ইসি।
জানা গেছে, এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
সময়ের আলো/এনএ