দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ারে ব্যস্ত থাকার কারণে দীর্ঘ চার বছর বিরতিতে ছিল দক্ষিণ কোরীয় পপ সংগীতের বিশ্বজয়ী দল ‘বিটিএস’। তবে এ বছরের ২০ মার্চ নতুন অ্যালবাম ফিরছে দলটি।
পূর্ণাঙ্গ অ্যালবামটিতে বিটিএসের সাত সদস্যকেই (রিম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি, জুং কুক) পাওয়া যাবে।
বুধবার (১৪ জানুয়ারি) সিউলে বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুরের তারিখ ও স্থানের নামও প্রকাশ করে বিটিএস।
তাদের বিশ্বজুড়ে কনসার্টের এ ট্যুর আগামী এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার গোয়াং শহর থেকে শুরু হবে। সফরটি ২০২৭ সালের মার্চে ফিলিপাইনের ম্যানিলায় শেষ হওয়ার কথা। যদিও জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কনসার্ট যোগ হতে পারে বলে জানানো হয়েছে।
ট্যুরের আওতায় পাঁচটি মহাদেশে (এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া) মোট ৭৯টি কনসার্ট আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। ২০২২ সালে 'পারমিশন টু ডান্স অন স্টেজ' ছিল ব্যান্ডটির শেষ ওয়ার্ল্ড ট্যুর।
বিটিএস ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, যদিও দলটি গঠিত হয়েছিল তার তিন বছর আগে। প্রথমে এশিয়াজুড়ে জনপ্রিয় হলেও পশ্চিমা বাজারে ব্যান্ডটির পরিচিতি ছিল সীমিত। সেই চিত্র বদলাতে শুরু করে ২০১২ সালে সাই-এর ভাইরাল গান ‘গ্যাংনাম স্টাইল’-এর সাফল্যের সুবাদে।
দক্ষিণ কোরিয়ার সব পুরুষ নাগরিককে কমপক্ষে ১৮ মাস সামরিক দায়িত্ব পালন করতে হয়। এই নিয়মের কারণেই মূলত বিটিএস সাময়িকভাবে বিরতি নেয়।
সময়ের আলো/এমএইচজে/