সৌদি আরব বিনোদন জগতে নতুন ইতিহাস গড়ল। দেশটিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে প্রথম সিক্স ফ্ল্যাগস থিম পার্ক, যেখানে রয়েছে বিশ্বের দ্রুততম রোলার কোস্টারসহ একাধিক রেকর্ড গড়া রাইড।
রিয়াদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিক্স ফ্ল্যাগস কিদ্দিয়া সিটি এই সপ্তাহে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি শুধু সৌদি আরবের প্রথম সিক্স ফ্ল্যাগস নয়, বরং উত্তর আমেরিকার বাইরে সম্পূর্ণভাবে নির্মিত প্রথম সিক্স ফ্ল্যাগস পার্ক। ‘ভিশন ২০৩০’-এর আওতায় গড়ে ওঠা কিদ্দিয়া সিটির এটিই প্রথম বড় বিনোদন প্রকল্প।
এক পার্কেই পাঁচটি বিশ্বরেকর্ড
এই পার্কে একসঙ্গে চালু হয়েছে পাঁচটি রাইড, যেগুলো গতি, উচ্চতা ও আকারে বিশ্বরেকর্ড গড়েছে। ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর থিম পার্কগুলোর একটি।
সবচেয়ে বেশি আকর্ষণ ফ্যালকনস ফ্লাইট। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত, সবচেয়ে উঁচু ও সবচেয়ে দীর্ঘ রোলার কোস্টার। রোলার কোস্টারটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে ছুটে চলে, উঠে যায় ১৯৫ মিটার উচ্চতায় এবং প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিন মিনিটেরও কম সময়ে যাত্রা শেষ করে।
এ ছাড়া দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন—
সিরোকো টাওয়ার: ১৪৫ মিটার উচ্চতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার গতিতে নিচে নামার অভিজ্ঞতা।
জাইরোস্পিন: বিশ্বের সবচেয়ে উঁচু পেন্ডুলাম রাইড।
স্পিটফায়ার: দ্রুতগতির উল্টে যাওয়ার রাইড।
আয়রন র্যাটলার: খনিভিত্তিক টিল্ট কোস্টার।
কী কী থাকছে পার্কে
৩ লাখ ২০ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে তৈরি এই পার্কটি ছয়টি থিম ল্যান্ড ও ১০টি জোনে ভাগ করা। এখানে রয়েছে ২৮টি রাইড, সঙ্গে ৩৫টি খাবার, পানীয় ও কেনাকাটার দোকান।
অন্যান্য সিক্স ফ্ল্যাগস পার্কের তুলনায় কিদ্দিয়া সিটিতে থাকছে আরও বেশি গল্পভিত্তিক ও নিমগ্ন অভিজ্ঞতা, যেখানে সৌদি সংস্কৃতির ছোঁয়াও রাখা হয়েছে।
টিকিটের দাম
সিক্স ফ্ল্যাগস কিদ্দিয়া সিটি এখন সবার জন্য উন্মুক্ত।
প্রাপ্তবয়স্কদের টিকিট: শুরু ৩২৫ সৌদি রিয়াল
শিশুদের টিকিট: শুরু ২৭৫ সৌদি রিয়াল
৪ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ বিনামূল্যে
রিয়াদ থেকে প্রায় ৪৫ মিনিটের পথ এই পার্কটি দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/এমএইচজে/