‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে’ কি না জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সংগঠন ‘ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না, বলে বিস্ময়ও প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না! প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না।
তিনি আরও লিখেন, তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটো লাইন বলেছিলেন, ‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না। শুধু এতটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না! জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ইনকিলাব মঞ্চ নিয়ে শহিদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো- ‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থ ভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।’
আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোনগুলোর মনের অবস্থা কী এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে!
ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনগুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না।
সময়ের আলো/এনএ