নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত তিনটার দিকে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
গ্রেফতার যুবকের নাম আল আমিন ওরফে আক্কা-বাক্কা আলামিন (২৪)। তার বাবার নাম সিদ্দিক। বাড়ি গাইবান্ধা সদরে। কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়া বাসায় থাকত সে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এ ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগকালে এনসিপি প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুজন কর্মী আহত হয়েছেন বলে জানান এনসিপি প্রার্থী আল আমিন।
এনসিপি প্রার্থী আল আমিন জানান, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। একপর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।
আরআর