জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল শিক্ষার্থী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জকসু হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন হল প্রভোস্ট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে হলের সভাকক্ষে এ সভা শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
সভায় হল সংসদের প্রতিনিধিদের সবার কাজ, ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য কক্ষ বরাদ্দ ও ফান্ডিং নিয়ে আলোচনা হয়।
সভা শেষে জকসুর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুমাইয়া তাবাসসুম বলেন, ‘আজকে সুন্দরভাবে আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের হলের বাজেট নিয়ে। আমরা কেন্দ্র থেকে সেভাবে বাজেট পাই না, জকসু এই জন্যই হয়েছে যাতে আমরা পর্যাপ্ত বাজেট পাই ও সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সুন্দরভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি। পরিশেষে আমরা শিক্ষার্থীদের জন্য এমনভাবে কাজ করতে চাই যেন আমাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় জকসু।’
এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক ড.আঞ্জুমান আরা বলেন, ‘আমরা প্রথম হল সংসদ পেয়েছি এবং ব্রিলিয়ান্ট মেয়ে পেয়েছি, যারা সত্যি হলের জন্য কাজ করতে চায় বলে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি তারা কাজের মাধ্যমে দেখিয়ে দিবে তারা সত্যি হলকে ধারণ করে। তারা সমস্যাগুলো বের করে ও বিভিন্ন উদ্যোগ গ্ৰহণ করে আমাদের জানাবে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উপস্থাপন করব।’
সময়ের আলো/এনএ