ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন। এর বদলে ট্রাম্প মাচাদোকে তার স্বাক্ষর সম্বলিত একটি ব্যাগ দিয়েছেন। এ ব্যাগটি নিয়ে তাকে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাচাদো যদি মনে করে থাকেন ট্রাম্পকে নিজের নোবেল দিয়ে তিনি ক্ষমতায় বসার জন্য সমর্থন পাবেন-তাহলে আপাতত যা মনে হচ্ছে তাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ মাচাদোর এখনই ক্ষমতায় বসা হচ্ছে না।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে মাচাদোর বৈঠককে রাজনৈতিক দিক থেকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের জন্য এক ‘সাহসী কণ্ঠস্বর’ এবং ‘ফ্রিডম ফাইটার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
এদিকে ট্রাম্প মাচাদোর উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে ‘অসাধারণ নারী’ বলে প্রশংসা করেছেন। তবে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাচাদোর জোটের জয় দাবি সত্ত্বেও, তিনি তাকে নতুন নেতা হিসেবে স্বীকৃতি দেননি। বরং দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন।
সময়ের আলো/কেএইচও