ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ‘তুমি কে, আমি কে, হাদি, হাদি’, ‘জাস্টিস ফর হাদিসহ নানা স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ বলেন, আমরা হাদি হত্যার বিচার চাই। হত্যার বিচার নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে প্রয়াজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারকে অপসারণের দাবিতে আন্দোলনে নামব।
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, হাদি হত্যা মামলার অভিযোগপত্রে সঠিক তথ্য উঠে আসেনি। ইন্টেরিম সরকার কি আমাদের সঙ্গে টালবাহানা করছে? চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা টালবাহানা করতে থাকেন, তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদি মারা যান। ইতোমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা গত ৬ জানুয়ারি মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন।
গত ১২ জানুয়ারি মামলার বাদী আদালতে হাজির হয়ে চার্জশিট পর্যালোচনার সময় নেন। পরে গত বৃহস্পতিবার আদালতে নারাজি দাখিল করেন।
সময়ের আলো/আআ