প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা কলেজ শিক্ষার্থী মো. নাঈম হাওলাদারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে।
এতে আরও বলা হয়েছে, এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়েছিল।
এই কর্মসূচির মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিভাবকহীন শিক্ষাজীবন ও মানহীন শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তির দাবি তুলে ধরা হবে। একইসঙ্গে কর্মসূচি সফল করতে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করা হয়েছে।
কর্মসূচির কারণে সাময়িক জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ হলেই তারা পড়ার টেবিলে ফিরে যাবেন।
সময়ের আলো/কেএইচও