নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এতে ক্রমেই ফিকে হয়ে আসছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা! এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ।
গতকাল শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব তোলে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে আয়ারল্যান্ড ক্রিকেট।
ক্রিকবাজকে দেওয়া বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’
চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সি–তে। এই গ্রুপে তাদের সঙ্গী সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
অন্যদিকে, বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ বি–তে। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে বিসিবি। গতকাল ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে, বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড, কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত মিলছে।
সময়ের আলো/এনএ