কলকাতার জনপ্রিয় নায়ক দেবের নামে এবার চালু হলো ভারতীয় ডাক বিভাগের বিশেষ ডাকটিকেট। সম্প্রতি দেব নিজেই সামাজিকমাধ্যমে ডাকটিকেটের ছবি প্রকাশ করেন।
ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে দেবের মুখচ্ছবি। এই ব্যতিক্রমী সম্মানে অভিভূত অভিনেতা-সাংসদ ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানান।
দেব বলেন, আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাকটিকেট প্রকাশিত হবে এটা কখনোই কল্পনায় ছিল না। ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ। তিনি আরও যোগ করেন, এমন সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। একজন মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।
আরও পড়ুন
জানা গেছে, শুক্রবার দেব নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো এই ডাকটিকেট প্রকাশ্যে আনেন। মুহূর্তেই ঘাটালজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। স্থানীয় মানুষের পাশাপাশি দেবের ভক্তরাও এই বিশেষ সম্মানে আনন্দ প্রকাশ করেন।
এই ডাকটিকেট দেবের দীর্ঘকালীন জনপ্রিয়তা এবং তার কর্মজীবনের সাফল্যের প্রতি ভারতীয় ডাক বিভাগের এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে এই ডাকটিকেট সংগ্রহ করার উদ্দীপনা।
এএডি/