সাভার থানা রোডে অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ভবনের ভেতর থেকে গত ছয় মাসে মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। টানা এমন হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে ভবনটি ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সবশেষ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি এক নারী ও এক শিশুপুত্রের হতে পারে। এর আগে একই স্থানে একে একে নারীসহ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এদিকে, পোড়া লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন ‘সিরিয়াল কিলার’ হিসেবে এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে আটক করেছে পুলিশ।
আটক ভবঘুরের নাম সম্রাট। সে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভবনেই রাতে থাকতেন বলে জানা গেছে।
সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে সম্রাটকে আটক করা হয়েছে বলে জানিয়ে ঢাকা উত্তর গোয়েন্দা ওসি সাইদুল ইসলাম বলেন, সম্রাট সাভার থানার আশপাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেন। সে ভবঘুরে হলেও ‘সিরিয়াল কিলার’ হতে পারে।
তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধ-নগ্ন মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তবে ওই তিনটি ঘটনায় কোনো নিহতরই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এফআর