রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসা চায় ছাত্রদল

রাবি সংবাদদাতা

শিক্ষা

আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি ব্যানার খুলে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়

2026-01-19T10:57:33+00:00
2026-01-19T10:57:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসা চায় ছাত্রদল
রাবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম 
রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি ব্যানার খুলে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। 

ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার বলেন, ‘দৃষ্টি আকর্ষণ করেছিলাম সংশ্লিষ্ট শিক্ষককে। ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম, উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যতগুলো উপসর্গ যখনই পাব শিক্ষকদের তখনই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে একেকজনকে পলিটিকাল দালাল বানাইয়া রাখছে।’


নতুন পোস্টটিতে আল্টিমেটাম দিয়ে লেখা পূর্বের পোস্টটিও জুড়ে দিয়েছেন আম্মার। পোস্টে তিনি লিখেছেন, ‘৭৩-এর অধ্যাদেশের সেকশন ৫৫ (২) অনুযায়ী যা করা যাবে না (আইন ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী): ১. বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো। ২. শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা।’

তিনি লিখেছেন, ‘জিয়া পরিষদের জনৈক সভাপতির ব্যানার দেখলাম। আমি আগেই লিখেছি এনারা পার্ট টাইম শিক্ষক, ফুল টাইম পলিটিশিয়ান, শিক্ষাপন্থী একটাও না। আমি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রচার চালাতে দিব না, তাই বেলা ২টার মধ্যে এই ব্যানার তুলে নিবেন জিয়া পরিষদ। না হলে ব্যানার আমি তুলে ফেলে দিব। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নিতে চান সেটার জন্যও আপনাদের স্বাগতম।’

তিনি আরও লিখেন, ‘আমি রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ভুল কিছু চাইনি শিক্ষার্থী হিসেবে। এবং জনাব তারেক রহমান (বিএনপি চেয়ারম্যান), আপনার প্রতি অনুরোধ!! আমার ক্যাম্পাসে আমি শিক্ষক রাজনীতি চাই না, আপনার সংগঠনকে নির্দেশনা দিয়ে দিবেন আশা রাখি যে তারা যেনো শুধুমাত্র শিক্ষাপন্থী হয়। ক্যাম্পাসের বাইরে তাদের সকল কার্যক্রম চলুক কিন্তু ক্যাম্পাসের ভিতরে শুধু একটাই পরিচয় একজন সম্মানিত শিক্ষক।’


এর প্রতিক্রিয়া জানিয়ে রোববার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুর ১টায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম নেতাকর্মীদের উক্ত মানববন্ধনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে সকাল ১১টার দিকে এক ফেসবুক পোস্টে বেলা ২টার মধ্যে ব্যানারটি অপসারণের আহ্বান জানান রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   রাকসু  জিএস  মানসিক চিকিৎসা  ছাত্রদল  সালাউদ্দিন আম্মার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: