গণ-অভ্যুত্থানের বিপক্ষ শক্তি গণভোট নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন, গণপূর্ত ও এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে সরকারি গুরুদয়াল কলেজের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সহযোদ্ধাদের উদ্যোগে জুলাই সনদ হয়েছে। সেই সনদ বাস্তবায়নের জন্যই এই গণভোট। বাংলাদেশের মানুষ গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচনে ‘হ্যা’ ভোট দিয়ে তারা সেই অবস্থান পরিষ্কার করবে।
তিনি আরও বলেন, এই সরকার গণ-অভ্যুত্থানের সরকার। সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে ছাত্র জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নে ছাত্রজনতাকে সাথে নিয়ে সরকার কাজ করছে। ১২ তারিখের নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেবেন এবং নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবেন। ভোটের দিনে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে মতবিনিময় সভা করেন উপদেষ্টা আদিলুর রহমান। পরে জেলার কুলিয়ারচরে গণভোটের পক্ষে প্রচারণা -ভোটের গাড়ি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন শাহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শহিদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ