চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রার্থী নুরুল আমিনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এ শোকজ নোটিশ জারি করেন।
অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন, যা আচরণবিধির পরিপন্থি। কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকেও শোকজ করা হয়েছিল।
আগামী ২৬ জানুয়ারি (মঙ্গলবার) নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ