নাটোর আদালত প্রাঙ্গণে মামলার শুনানির সময় বাদী ও বিবাদীর পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন, বাদীপক্ষের নাটোর সদর উপজেলার গৌরিপুর (হয়বতপুর) এলাকার মিজানুর রহমানের ছেলে মিদুল (৩৮), শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে জনি খান (২৪) এবং বিবাদী পক্ষের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার লোকমান সরকারের ছেলে রানা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত বছরের মে মাসে শহরের কান্দিভিটুয়া মহল্লার জামিলুর রহমান খান বাদী হয়ে ১৪৪ ও ১৪৫ ধারায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। সোমবার ওই মামলার শুনানিতে আদালত আসেন মামলার বাদী ও বিবাদীপক্ষের লোকজন।
দুপুরে আদালতে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণে দুইপক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, উভয়পক্ষের আদালতে শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালতের বাহিরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
সময়ের আলো/আআ