সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন,শাকসুতে শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখ নির্ধারিত হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। এই নতুন বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিবে। এই জায়গায় যদি কেউ ব্যর্থ করতে চায় সেই যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ, চার কোটি ছাত্র সমাজ তাদের প্রতিবাদ জানাবে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীদের যে ম্যান্ডেট ,শিক্ষার্থীদের যে দাবি ছাত্র সংসদ নির্বাচন আপনি বাধাগ্রস্ত করবেন না। এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন তাহলে ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে।
উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন , এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাইয়ের প্রজন্মের সঙ্গে যদি আপনারা একাত্মতা ঘোষণা করতে না পারেন আগামী ১২ তারিখ শিক্ষার্থী সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে উত্তম জবাব দিবে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, জুলাইয়ে নয় দফা দাবির অন্যতম দাবি ছিল এদেশের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। সেই জুলাই স্পিরিটকে যারা খর্ব করে দলীয় প্রভাব খাটিয়ে শাকসু বন্ধ করার চেষ্টা করছেন আমরা মনে করি তারা জুলাইতে রক্তের সাথে বেইমানি করছেন,আপনারা ছাত্রজনতার সাথে বেইমানি করছেন। এদেশে কোন ধরনের নির্বাচন চাইতো না ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দালাল আওয়ামী লীগ কিন্তু আমরা বুঝিনা বিএনপি কেন ভারতের সুরে কথা বলে? তারা ছাত্র সংসদ নির্বাচন কেন চায় না?
তিনি বলেন, তারাই মূলত ছাত্র সংসদ চায় না যারা জুলাইকে ধারণ করতে পারে না, যারা শিক্ষার্থীদেরকে ধারণ করতে পারে না। বিএনপিকে বলতে চাই শিক্ষার্থীর ভাষা বুঝোন, সুপথে ফিরি আসুন , নইলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আপনারা কোন বন্ধু খুঁজে পাবেন না।
/এমএইচআর