চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনাকালে র্যাবের ৪৩ সদস্যের ওপর হামলা চালিয়েছে প্রায় পাঁচশ দুর্বৃত্ত।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় একজন র্যাব সদস্য নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মেজর জালিস মাহুমুদ খানের নেতৃত্বে ৪৩ জন র্যাব সদস্য চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় যায়। সেখানে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতকারীরাদের হামলায় র্যাবের চারজন সদস্য গুরুতর আহত হয়।
পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র্যাব সদস্য্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জেসিও-১০৭৫৯ নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন র্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।
আরআর