দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই অভিনয় দক্ষতা ও রুচিশীল উপস্থিতির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করাই যেন তার বিশেষত্ব। ট্র্যাডিশনাল হোক কিংবা আধুনিক পোশাক- সব লুকেই জয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য নজর কাড়ে।
সোশ্যাল মিডিয়ায় নিজের নানা রূপ তুলে ধরতে তিনি বেশ সক্রিয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে জয়া হাজির হয়েছেন একেবারেই ভিন্ন এক সাজে। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে।
আরও পড়ুন
ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের নকশাদার ব্লাউজের সঙ্গে গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে অনন্য এক আবহ তৈরি করেছেন জয়া। ভারী গয়না, বড় নথ এবং কপালের টিকলি তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুরো সাজে যেন ফুটে উঠেছে এক ধরনের ঐতিহ্যবাহী সৌন্দর্য, যা দর্শকদের চোখে পড়েছে আলাদাভাবে।
পুরোনো কোনো বাড়ি কিংবা স্থাপত্যের পটভূমিতে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। ছবি প্রকাশের পরপরই মন্তব্যে ভরে যায় তার পোস্ট। অনেকেই লিখেছেন- সময় বদলালেও জয়ার আবেদন অটুট রয়েছে। আবার কেউ কেউ খেয়াল করেছেন, এই ছবিতে তার বয়সের স্বাভাবিক ছাপ কিছুটা স্পষ্ট।
এদিকে বড় পর্দায় জয়াকে দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্যও রয়েছে সুখবর। তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘ওসিডি’ মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। মানসিক ট্রমা ও সামাজিক টানাপোড়েনের জটিল গল্পে নির্মিত এই ছবিটি নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
এএডি/