শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ১৯৬ জন প্রার্থী ও হাজারো সাধারণ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। এমন পরিস্থিতিতে মাত্র তিনজন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে আদালতের চার সপ্তাহের স্থগিতাদেশ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সূতিকাগার এবং ন্যায্য দাবি আদায়ের অন্যতম প্রধান মাধ্যম। রাজনৈতিক প্রভাব ও আইনি জটিলতার মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা স্বৈরাচারী মানসিকতার প্রকাশ।
এতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে শিক্ষার্থীদের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থীরাই যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্ষম হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা মব সৃষ্টি করে বা আইনি ফাঁকফোকর ব্যবহার করে নির্বাচন বন্ধের চেষ্টা করছে, তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকেই ভয় পাচ্ছে।
জাকসু অবিলম্বে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের ওপর থেকে সকল আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা প্রত্যাহার করে দ্রুত ভোটগ্রহণের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।
সময়ের আলো/কেএইচও