ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পথ ও পোষা প্রাণীর কল্যাণে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘Pet Carnival’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে ‘Pet Ramp Walk’, ‘যেমন খুশি তেমন সাজসহ’ পোষা প্রাণীদের সৃজনশীলভাবে উপস্থাপন করার নানা আয়োজন ছিল। সেইসঙ্গে অনুষ্ঠানে ক্যাম্পাসের কুকুর, বিড়াল ও পাখিদের জন্য প্রায় ২ লক্ষ টাকার সমপরিমাণ ‘Pet Food, Nest ও Shelter Box’ বিতরণ করা হয়।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আজকের যে কার্নিভাল প্রোগ্রাম, এটা কোনো প্রোগ্রাম না; এটা একটা সচেতনতামূলক আয়োজন। একজন মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা জীববৈচিত্র্য যদি রক্ষা করতে চাই, আমাদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হবে। সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই আজকে ঢাকসু এই কার্নিভালের আয়োজন করেছে। আমরা এর মাধ্যমে যে মেসেজটা দিতে চাই- আমাদের প্রাণীর প্রতি অনেক বেশি মমত্ববোধ দেখাতে হবে। আমাদের এই জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে।’
/এমএইচআর