ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। এ সংক্রান্ত নথি মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুমোদন করেছে অর্থ বিভাগ।
সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। ওসমান হাদির স্ত্রী ও সন্তান ফ্ল্যাটটি ব্যবহার করবেন।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র গেছে, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর না ফেরার দেশে পাড়ি জমান হাদি।
সময়ের আলো/এআর