রাজধানীর কড়াইল বস্তিতে গিয়ে তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির এই প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন দলীয় প্রধান কড়াইল বস্তিতে বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার একজন প্রার্থীর এমন প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কিন্তু আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচন করার বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। এসব কাজের মাধ্যমে নির্বাচন কমিশনার নিজের বৈধতা হারিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একজন সচিব বলেছেন, দুঃখ ভারাক্রান্ত হয়ে তাদের নির্বাচন করার অনুমতি দিয়েছি। আমি তাদের বলতে চাই, আপনারা আমাদের আবেগি কথা শোনাবেন না। দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা শহিদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করব। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে, প্রার্থীরা যাতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালান। কিন্তু দুঃখের বিষয় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার বিষয়ে আমাদের একটা বিলবোর্ড ছিল। সেটি সিটি কর্পোরেশন ও বিএনপির লোকজন ভেঙে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও বিএনপি মিলেমিশে একাকার। যেন আমরা আরেকটা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। তবে জনগণ তাদের সে সুযোগ দেবেন না। প্রশাসনকের লোকজনকে বলব, আপনারা কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না। নিরপেক্ষ থাকতে চেষ্টা করুন।
সময়ের আলো/আআ