হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি শুরু হয়েছে। এক মাস ২০ দিন বন্ধ থাকার পর আমদানি শুরু করেছে আমদানিকারকরা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে দুটি চালবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের করে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর চাল আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে।
স্থানীয় বাজারের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭১ টাকা দরে, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা, যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, আজ (বুধবার) প্রথম ভারত থেকে দুটি ট্রাকে আমাদের সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব আমদানিকৃত চাল বন্দরেই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা দরে। চাল আমদানি আরো বাড়লে দাম আরো কমে আসবে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ১৮ জানুয়ারি অনুমতি দেওয়ার পর বুধবার আমদানিকারকরা চাল আমদানি শুরু করেছে। আমদানিকৃত এসব চালের মান পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়ের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে।
হিলি কাস্টমস শুল্ক স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন, ভারত থেকে দুইটি ট্রাকে ৭৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালগুলো ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। পরে আরও একটি ট্রাকে ৩৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সময়ের আলো/আআ