আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর রাখতে অনলাইন অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বিরুদ্ধে চলা অবিরাম মিথ্যাচার রোধ বিষয়ক এক বৈঠক করেন তারা।
পরে সাংবাদিকদের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘সাম্প্রতিক সংঘবদ্ধ অপরাধী চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের আমিরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে— মর্মে একটি ভুয়া ও বানোয়াট সংবাদ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এই ধরনের মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের সামগ্রিক পরিবেশকে অসুস্থ করে তুলছে। নোংরামির বিস্তার করছে, এটা বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘ডিবির প্রধান শফিকুল ইসলাম সাহেবের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা রাজনৈতিক প্রচারের নামে কারও বিরুদ্ধে নিন্দা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছি।’
ডিবি প্রধানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী।
সময়ের আলো/এনএ