শাকসু : দ্রুত নির্বাচন না দিলে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

দ্রুত সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবি জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে

2026-01-21T22:47:29+00:00
2026-01-21T22:47:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
শাকসু : দ্রুত নির্বাচন না দিলে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম 
শাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
দ্রুত সময়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবি জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

এছাড়াও সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন নিয়ে রিটের বিষয়ে নানা ধরনের অভিযোগ করেন প্রার্থীরা।

স্বতন্ত্র জিএস প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব পলাশ বখতিয়ার বলেন, সংসদ নির্বাচনের পূর্বে ইসির যে ২১ দিনের নির্বাচনীর বাধ্যবাধকতা রয়েছে, তা থেকে শাবিকে আওতা মুক্ত রাখতে হবে। শাকসু নির্বাচন ‘বানচালের’ উদ্দেশ্যে করা রিটটি বিএনপির পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এক্ষেত্রে কয়েকজন বিপথগামী শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে। 

তিনি দাবি করেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা মনে করে রাজনৈতিক স্বার্থ হাসিল ও বিপুল অর্থের বিনিময়ে তিনজন রিটকারী হাইকোর্টে রিট দায়ের করেছেন।              

আরেক স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, হাইকোর্টের কাছে দাবি, শিক্ষার্থীদের দিকে তাকিয়ে ন্যায়ের পক্ষে ডিসিশন দেন, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে যেকোনো দিন শাবিপ্রবির জন্য শিথিল করে অনতিবিলম্বে শাকসু আয়োজন করতে দেওয়া হয়।

দাবি পূরণ না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা আমাদের দাবির সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তাই যদি হাইকোর্ট থেকে শিক্ষার্থীদের পক্ষে অনতিবিলম্বে দাবি মেনে শাকসু নির্বাচন আয়োজন না করা হয়, তাহলে আমরা সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সারাদেশের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।


তিনি আরও বলেন, গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটা দলের প্ররোচনায় পড়ে দুজন প্রার্থী ভোটের দুইদিন আগে হাইকোর্টে রিট করেছে। ফলে নয় হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই।

প্রসঙ্গত, স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে শাকসু নির্বাচনের ভোটে চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ।

এফআর


  বিষয়:   শাকসু  নির্বাচন  কমপ্লিট শাটডাউন  হুঁশিয়ারি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: