চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত ৯টা ৩ মিনিট থেকে ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষম প্রথম ইউনিটটি পুনরায় চালু করা হয়।
এর আগে বয়লারের টিউব ফেটে যাওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির মোট ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিটই বন্ধ থাকায় রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দেয়।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। প্রধান প্রকৌশলী জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে ইউনিটটি বন্ধ রাখতে হয়। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা করার পর মেরামত কাজ শুরু করা হয়। দীর্ঘ মেরামত শেষে বুধবার রাতে ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়।
তবে কেন্দ্রের প্রথম ইউনিট চালু হলেও বাকি দুটি ইউনিটের উৎপাদন এখনও বন্ধ রয়েছে।
উল্লেখ্য, দেশের অন্যতম কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ দিন পর গত ১৪ জানুয়ারি এটি আবার চালু হলেও চার দিন পর ফের বন্ধ হয়ে পড়ে। সর্বশেষ মেরামতের পর বুধবার রাতে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরেছে।
/ইউএমএইচ