সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হলেও তাদের মৌখিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের প্রস্তুতির কারণে সরকারি দফতরগুলো এখন ব্যস্ত।
এই পরিস্থিতিতে নির্বাচনের আগে বিপুল সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি, এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তারিখ চূড়ান্ত হলে তা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জানা গেছে, মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নেওয়া হবে। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসকেরা ব্যস্ত সময় পার করছেন। ফলে নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি পাওয়া যাবে কি না—তা নিয়েও সংশয় রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে বলেন, মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
সময়ের আলো/এআর