বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ভয় পাচ্ছি। রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেন- জয়ী হয়ে আসবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ এলাকা সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, তার মানে নির্দিষ্ট কাউকে জয়ী করার চেষ্টা করা হবে। আমি অনেক কিছু জানি কিন্তু বলব না। আমি প্রমাণ করতে পারব সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।
তিনি বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সকল ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব ইনশাআল্লাহ।
নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, শিষ্টাচার বহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোন লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এবারও জয়লাভ করব।
সময়ের আলো/এআর