চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি ইমামদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটিরচেয়ারম্যান

2026-01-22T19:23:10+00:00
2026-01-22T19:23:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম 
মৌলভীবাজারের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি ইমামদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‌‘অতীতে দেখেছি যখনই ধানের শীষের সরকার নির্বাচিত হয়েছে, যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি—নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়। কৃষক ভাইদের কৃষি লোন ৫-১০ হাজার টাকা মওকুফ করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি। আজ আমরা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছি।’

দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্লাস ওয়ান থেকে ইন্টার-ম্যাট্রিক পর্যন্ত এই দেশের মেয়েদের জন্য পড়ালেখা ফ্রি করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন। ঢাকা থেকে সিলেট আসতে লাগে আট ঘণ্টা সময়। লন্ডন যেতে এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচারের উন্নয়নের নমুনা।’

জনসভায় মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ, শওকতুল ইসলাম শকু, এম নাসের রহমান এবং মুজিবুর রহমান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

/এমএইচআর 


  বিষয়:   চা শ্রমিক  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: