ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে ট্রফি উন্মোচনের মতো ঘটনা ক্রিকেট বিশ্বে বিরল। তবে বিপিএলে তো অসঙ্গতিগুলোই স্বাভাবিক! ২৫ হাজার ডলার মূল্যের ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি বিপিএল চলার সময়ই ঘটা করে উন্মোচন করার কথা ছিল। কিন্তু তা হয়নি।
হবে কীভাবে, বিসিবি কর্তাদের ঘুম হারাম তো বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তায়! দেশের ক্রিকেটই এখন টালমাটাল এই টানাপোড়েনে।
এসবের মধ্যেও মাঠের ক্রিকেট চলছে নানা বিতর্ক, প্রশ্ন আর প্রাপ্তিকে সঙ্গী করে। সেই পথচলার চূড়ান্ত পরিণতির উপলক্ষ চলে এসেছে। বিপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল শুরু শুক্রবার সন্ধ্যা ৬টায়।
দুটি ফ্র্যাঞ্চাইজিই এবারের আসরে নতুন। তবে ভিন্ন নামে ভিন্ন মালিকানায় ছিল এই দুই শহরের দল। ২০১৯ আসরে শিরোপা জেতে রাজশাহী রয়্যালস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দুবার ফাইনালে উঠে ট্রফির ছোঁয়া পায়নি একবারও।
টুর্নামেন্ট শুরুর আগে দুই দলের চিত্রও ছিল দুরকম। আসরের সবচেয়ে গোছানো দল বলা যায় রাজশাহীকে। কোচ হান্নান সরকার তার কোচিং স্টাফ ও দল সংশ্লিষ্টদের নিয়ে পরিকল্পনা শুরু করেছিলেন বেশ আগেই।
তাদের প্রতিটি পদক্ষেপেই সুচিন্তিত ভাবনার প্রকাশ। ক্রিকেটার বাছাই থেকে শুরু করে দল পরিচালনার প্রতিটি ধাপে তা ফুটে উঠেছে দারুণভাবেই। পেশাদারিত্বের সেই পথ ধরেই এখন তারা শিরোপার মঞ্চে।
চট্টগ্রামের ক্ষেত্রে যা হয়েছে, তা শুধু বিপিএল কেন, ক্রিকেট বিশ্বেই নজিরবিহীন। টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকপক্ষের সরে দাঁড়ানোর নজির আর কে দেখেছে কবে! তড়িঘড়ি করে বিসিবি দায়িত্ব নেওয়ার পর নতুন কোচিং স্টাফ নিয়ে দলটি গুছিয়ে ওঠে দ্রুতই।
মাঠে নেমে চমকপ্রদ পারফরম্যান্স মেলে ধরে তারা। দেশের ও বিদেশের বড় কোনো তারকা ছাড়াই দুর্দান্ত গতিতে ছুটে সবার আগে জায়গা করে নেয় তারা ফাইনালে।
একসময় মাঠে নামা নিয়ে শঙ্কায় থাকা দলটির অধিনায়ক শেখ মেহেদি হাসান এখন শিরোপা জয়ের প্রত্যয় শোনালেন ফাইনালের আগের দিন।
ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটায় যারা ভালো ক্রিকেট খেলবে, যারা সব বিভাগে ভালো করবে, তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সে ক্ষুধা আছে। দেখা যাক, কী হয় কালকে।
শক্তি-সামর্থ্য ও অভিজ্ঞতায় রাজশাহী এগিয়ে স্পষ্ট ব্যবধানেই। তবে সেই সমীকরণ যে মাঠের ক্রিকেটে অনেক সময় কাজে লাগে না, এর প্রমাণ এই আসরে দুই দলের তিন লড়াইয়ে চট্টগ্রাম জিতেছে দুটিতে, রাজশাহী একটিতে।
তবে রাজশাহীর গভীরতা ও শক্তি সম্পর্কে ধারণা আছে বলেই সমীহের কমতি নেই চট্টগ্রাম অধিনায়কের।
আমার কাছে মনে হয়, বিপিএলে সেরা দলগুলোর একটি রাজশাহী। খুবই ভারসাম্যপূর্ণ দল, সব বিভাগে খুব ভালো ক্রিকেটার আছে এবং তারা পুরো আসরে ভালো ক্রিকেট খেলে এসেছে। আমার কাছে রাজশাহী দল চেয়ে বেশি ভালো লেগেছে এ বছর।
রংপুরও ভালো ছিল দিক থেকে, দুর্ভাগ্যজনকভাবে তারা কোয়ালিফাই করতে পারেনি ফাইনালে। তবে রাজশাহী সেরা দলগুলির একটি। তবে তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ওদের সঙ্গে, ভালো জানাশোনা আছে। দেখা যাক কালকে যদি আমরা ভালোভাবে মেলে ধরতে পারি, হয়তো বা আমাদের পক্ষেও আসতে পারে।
চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদি নিজে দলের সেরা পারফরমারদের একজন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফম্যান্সে তার টুর্নামেন্ট-সেরা হওয়া একরকম নিশ্চিত। সেই পুরস্কারে তাকে চ্যালেঞ্জ জানানোর সবচেয়ে বড় সম্ভাবনা শরিফুল ইসলামের।
২৪ উইকেট শিকারি পেসার আর একটি উইকেট নিলেই স্পর্শ করবেন বিপিএলে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড। এই শরিফুলও চট্টগ্রামেরই।
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে রাজশাহী দলে যোগ দেন কেন উইলিয়ামসন। ব্যাট হাতে দলের জয়ে অবদানও রাখেন তিনি। ফাইনালেও কিউই এই কিংবদন্তি হবেন দলের ভরসা।
ফাইনালের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কিপার-ব্যাটসম্যান আকবর আলি বললেন, শিরোপা ছাড়া অন্য কিছু তারা ভাবছেন না।
সময়ের আলো/এআর