ঢাবিতে ৭৬ মণ্ডপে সরস্বতীর আরাধনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান, বিদ্যা ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে

2026-01-23T13:12:38+00:00
2026-01-23T13:22:44+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাবিতে ৭৬ মণ্ডপে সরস্বতীর আরাধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১:২২ পিএম
সরস্বতী পূজার আয়োজন করেছে ঢাবি। সংগৃহীত ছবি
সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান, বিদ্যা ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলকে কেন্দ্র করে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে হলের মাঠে ৭৬টি মণ্ডপে অঞ্জলি, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে বিদ্যার দেবীর পূজা শুরু হয়।

সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জগন্নাথ হলের মাঠে ভিড় জমাতে থাকেন শিক্ষার্থীরা। বাণী অর্চনা ও আরতির ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট নিজস্ব উদ্যোগে পৃথক পৃথক মণ্ডপে পূজার আয়োজন করেছে। এ বছর মোট ৭৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার অধিকাংশই সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের ভাবনা, সমাজচিন্তা ও সৃজনশীলতার প্রতিফলন।


মণ্ডপগুলোর থিমে ছিল বৈচিত্র্য ও সমসাময়িক বাস্তবতার ছাপ। ফাইন্যান্স বিভাগ তাদের মণ্ডপে আলোকসজ্জা ও আলপনার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের বিস্তার ও জ্ঞানের অসীমতাকে তুলে ধরেছে। অন্যদিকে ইংরেজি বিভাগ সম্পূর্ণ হাতে আঁকা শিল্পকর্মের মাধ্যমে মণ্ডপ সাজিয়ে শিল্পীসত্তার প্রকাশ ঘটিয়েছে। প্রতিটি মণ্ডপেই ছিল শিক্ষার্থীদের দলগত পরিশ্রম ও সৃজনশীলতার ছোঁয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হিসেবে ঐতিহ্যগতভাবেই পরিচিত জগন্নাথ হল। প্রতি বছর এ পূজাকে ঘিরে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে হলের পুকুরের মাঝখানে স্থাপিত প্রতিমা। এবারও সেই ধারাবাহিকতায় চারুকলা অনুষদের শিক্ষার্থীরা নান্দনিকতা ও শিল্পদক্ষতার সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন প্রতিমা নির্মাণ করেছেন, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।


পূজায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুজিৎ বকশী সৌরভ বলেন, ইতোমধ্যে দুইবার অঞ্জলি দেওয়া হয়েছে। পড়াশোনার চাপের মাঝেও এমন একটা দিনে অঞ্জলি দিতে পারাটা সত্যিই ভালো লাগছে। তার মতো অনেক শিক্ষার্থীই পূজার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দিককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় পূজার থিম সম্পর্কে জানান, তাদের মণ্ডপে শুধু প্রতীকী উপস্থাপনা নয়, বরং সমাজ ও বিশ্বের চলমান নিপীড়নের বিরুদ্ধে একটি শক্ত বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আমরা থেমে থাকা কলম কিংবা পোড়া সংবাদপত্রের কথাই শুধু বলিনি। হরিজন সম্প্রদায় থেকে শুরু করে চা-শ্রমিকদের বঞ্চনা, ন্যায্য মজুরি না পাওয়া শ্রমজীবী মানুষ কিংবা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ধ্বংসস্তূপে পড়ে থাকা নিষ্পাপ শিশুদের মৃত্যুর চিত্র—সবকিছুকে ঘিরেই আমাদের বার্তা। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, মব নয়, সুবিচার চাই।

এদিকে হল প্রশাসন ও পূজা উদযাপন কমিটি জানায়, শুক্রবার প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে এবারের সরস্বতী পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রতি বছর পূজার আগের দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হলেও এ বছর সময় স্বল্পতার কারণে তা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল বলেন, এবার সময় কম থাকায় সংবাদ সম্মেলন আয়োজন করা যায়নি। তবে আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পূজামণ্ডপে বড় বিলবোর্ড স্থাপন করে সব প্রয়োজনীয় নির্দেশনা ও তথ্য জানিয়ে দিয়েছি। তিনি আরও জানান, পূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সার্বিকভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সৃজনশীলতা, মানবিকতা ও প্রতিবাদী বার্তায় সমৃদ্ধ হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের সরস্বতী পূজা, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আবহের পাশাপাশি সামাজিক সচেতনতারও প্রতিফলন ঘটাচ্ছে।


/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: