বাংলাদেশের ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বরাবরই চুপ বিসিসিআই। এ নিয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
সাংবাদিকদের বারবার প্রশ্নের মুখে হাসিমুখে বিসিসিআই সভাপতি বলেন, আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচের (ভারত-নিউজিল্যান্ড) জন্য এসেছি।
তবে সূত্রের দাবি, এই নীরবতা কৌশলগত অবস্থান। অফিসিয়ালি আইসিসির বিবৃতির আগে কিছুই বলতে চাইছে না ভারতীয় বোর্ড।
এর এক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করে দেয়। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না।
আইসিসির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৈশ্বিক ক্রিকেট সংস্থাটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ব্যবস্থা করেছিল আইসিসি।
সময়ের আলো/এআর