চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, জামায়াত-শিবির আমাকে ভয় পায়। নইলে আমাকে ঠেকাতে তারা কেন উঠে-পড়ে লাগল? আদালতে একের পর এক ভুয়া মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমার কাছে টাকা পাবে ব্যাংক, অথচ মাথাব্যথা জামায়াতের।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সরওয়ার আলমগীর বলেন, তারা (জামায়াত) জানে, আমি মাঠে থাকলে তারা ভেসে যাবে। এজন্য আমাকে সরাতে নানা ফন্দি এটেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। মাননীয় আদালত আমার পক্ষে রায় দিয়েছে। আদালত বলেছেন, আমি ঋণ খেলাপি নই। সবাইকে বলতে চাই, আমি ঋণ গ্রহীতা, ঋণ খেলাপি নই।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সরওয়ার আলমগীর আরও বলেন, জামায়াত শিবির সবসময় ধর্মের কথা বলে, অথচ প্রতি মুহূর্তে শিরক করে যাচ্ছে। ধর্মবিরোধী কাজ ও কথা বলছে তারা।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক, সম্পাদক আরফাত তুষার, ফটিকছড়ি যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সম্পাদক সাইফুল হায়দার রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন মেসি, সম্পাদক ইঞ্জিনিয়ার মুন্না, এম এ মাহফুজ, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. একরাম প্রমুখ।
এফআর