নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মুহা. রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনি এলাকায় পোস্টার লাগানোর অভিযোগে সহকারী রিটার্নিং অফিসার এই নোটিশ প্রদান করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার।
নোটিশে বলা হয়েছে, অবিলম্বে সব অবৈধ প্রচার-সামগ্রী ও পোস্টার অপসারণ করতে হবে। আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে হবে। এ জন্য আগামী ২৫ জানুয়ারি মধ্যে প্রার্থীকে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার আদেশ দেওয়া হয়েছে ওই নোটিশে।
জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনি এলাকায় কোনো ধরনের পোস্টার বা প্রচার-সামগ্রী ব্যবহার নিষিদ্ধ। তবে অভিযোগ উঠেছে, সাতক্ষীরা-৩ আসনের ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত পোস্টার ঝুলানো হয়েছে।
এ ঘটনায় আসনটির বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম রেদওয়ান ফেরদৌস রনি উল্লিখিত বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন।
সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার জানান, পোস্টার ঝুলানোর মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের বিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
এফআর