শিশুদের মেধা, মননশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে শুধু অঙ্ক, খেলা বা মাইন্ড গেমই যথেষ্ট নয়। বিশেষ করে পাঁচ বছরের আগে শিশুর মস্তিষ্কের বিকাশ দ্রুত ঘটে। এই সময় থেকেই শিশুকে সঠিক অভ্যাসে অভ্যস্ত করা গেলে তার শিখন ক্ষমতা, সৃজনশীলতা এবং আবেগের বিকাশে দীর্ঘমেয়াদী সুবিধা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের আগে চারটি ছোট ছোট অভ্যাস শিশুকে শুধু বুদ্ধিমান নয়, মননশীল ও একাগ্রও করে।
স্টোরিটেলিং শেখান
শিশুর মস্তিষ্কের কল্পনাশক্তি বিকাশে গল্প শোনানো অন্যতম কার্যকর। মোবাইল বা ট্যাব ব্যবহার শিশুদের ঘুম ও দৃষ্টি দুটোই প্রভাবিত করে। বিশেষ করে ঘুমের আগে ব্লু লাইট শিশুর মেলাটোনিন হরমোনকে প্রভাবিত করে, যা ঘুমের মান ও দৈনিক মস্তিষ্কের বিশ্রাম নষ্ট করে। তাই রাতে ডিভাইসের পরিবর্তে রঙিন এবং সহজ গল্পের বই হাতে নিয়ে শিশুকে শোনানো উচিত। ছোট বয়স থেকেই এই অভ্যাস গড়ে তুললে শিশুর ভাষা দক্ষতা বৃদ্ধি পায়, মনোযোগ স্থায়ী হয় এবং কল্পনাশক্তি বিকশিত হয়।
বই পড়া অভ্যাস গড়ে তুলুন
শিশু নিজে যখন বই পড়তে শেখে, তখন বই পড়ার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য। ঘুমানোর আগে তাকে ছোট গল্পের বই দেওয়া যেতে পারে এবং নিজে পড়ার সুযোগ দেওয়া উচিত। বই পড়ার অভ্যাস শিশুকে নতুন ধারণা শেখায়, সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়ায় এবং ধৈর্য গড়ে তোলে। এটি মোবাইল বা ট্যাবের প্রতি শিশুর আগ্রহ কমিয়ে দেয় এবং আত্মনির্ভর পাঠাভ্যাস গড়ে তোলে।
গল্প করুন
শিশুর আবেগ ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সন্তানের সঙ্গে গল্প করা খুবই গুরুত্বপূর্ণ। দিনে কী হয়েছে, স্কুলে কী শিখেছে বা পরের দিনের পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটি শিশু ও অভিভাবকের মধ্যে মানসিক সম্পর্ক দৃঢ় করে এবং শিশুর নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের ক্ষমতা বাড়ায়। নিয়মিত আলাপের মাধ্যমে শিশু সহজে নিজের মন নিয়ন্ত্রণ করতে শেখে এবং মনের শান্তি পায়।
মেডিটেশন শেখান
শিশুকে ধ্যান বা মেডিটেশন শেখানো অত্যন্ত ফলপ্রসূ। ঘুমানোর আগে মাত্র ১০ মিনিটের ধ্যান শিশুর মন শান্ত রাখে, একাগ্রতা বাড়ায় এবং স্ট্রেস কমায়। নিয়মিত ধ্যানের ফলে শিশুর পড়াশোনায় মন বসে, মননশক্তি শক্তিশালী হয় এবং শিশুর আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা উন্নত হয়।
ছোটবেলা থেকে এই চারটি অভ্যাস নিয়মিত পালন করলে শিশুর মেধা, মনোযোগ ও আবেগের বিকাশে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। এটি কেবল শিশুর বুদ্ধি বৃদ্ধি করে না, বরং পরিবারের সঙ্গে সম্পর্কও দৃঢ় করে।
/ইউএমএইচ