ভৈরব নদের উপর দ্বিতীয় সেতু নির্মাণ ও বন্ধ হওয়া পাটকল চালুসহ ৭৪ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন খুলনার-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনের বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রূপসার আইচগাতিতে প্রধান নির্বাচনি কার্যালয় এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
বিএনপির নির্বাচনি ইশতেহারের সঙ্গে মিল রেখে স্থানীয় সমস্যাকে দেওয়া হয়। ইশতেহারের মধ্যে রয়েছে পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ, খাল খনন, কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক ব্যবস্থা, হাসপাতালের আধুনিকায়নে জোর দেওয়া হয়। চাঁদা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকার গঠন, নারী উন্নয়নে কর্মসূচি, শিশু ও বৃদ্ধদের অধিকার সুরক্ষা, যুবকদের জন্য কর্মসংস্থান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আজিজুল বারী হেলাল বলেন, তিনি ও তার দল বিজয়ী হলে এ অঞ্চলকে একটি মডেল হিসেবে ঘোষণা করা হবে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পাট গুদামে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা, জনবহুল দেউড়া খেয়াঘাট সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, সারোয়ার খান ডিগ্রি কলেজ সরকারীকরণ, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ সংস্কার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, তেরখাদার ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। ভট্টাচার্য (হার্ডবোর্ড) খেয়াঘাটে ফেরির ব্যবস্থা, শ্রমিক সমাজের উপযুক্ত মজুরি নিশ্চিতকরণ, হাজীগাঁও মিনি স্টেডিয়াম আধুনিকীকরণসহ তার ঘোষিত ৭৪ দফা বাস্তবায়ন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/আআ