যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযানে দুই বছরের এক শিশুকে তার বাবার সঙ্গে আটক করেছে কর্মকর্তারা। বৃহস্পতিবার মিনিয়াপোলিসে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা শিশুটি ও তার বাবাকে আটক করে টেক্সাসে পাঠান। পরে এক ফেডারেল বিচারকের আদেশে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে এলভিস জোয়েল টিই ও তার দুই বছরের মেয়ে দোকান থেকে ফেরার সময় আইসিই সদস্যরা তাদের আটক করেন। পরিবারের আইনজীবীরা অভিযোগ করেছেন, আইসিই সদস্যদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না।
ঘটনাটি জানাজানি হওয়ার পর আইনজীবীরা জরুরি ভিত্তিতে আদালতে আবেদন করেন। রাত ৮টা ১০ মিনিটের দিকে একজন ফেডারেল বিচারক আদেশ দেন, বাবা ও মেয়েকে মিনেসোটার বাইরে পাঠানো যাবে না। তিনি রাত সাড়ে ৯টার মধ্যে শিশুটিকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। এ সময় বিচারক বলেন, ‘বলাই বাহুল্য, এই শিশুর কোনো অপরাধের ইতিহাস নেই।’
আইনজীবী ইরিনা ভায়নারম্যান বলেছেন, ‘ব্যাপক আইনি লড়াইয়ের পর শুক্রবার বিকেলে শিশুটিকে মিনেসোটায় ফিরিয়ে এনে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাবা এলভিস জোয়েল এখনো মিনেসোটায় আটক রয়েছেন।’
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) দাবি, শিশুটির বাবা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন। শিশুটির মা তাকে নিতে অস্বীকার করেছিলেন।’
সময়ের আলো/কেএইচও