রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল রুয়েটের ভর্তি ওয়েবসাইট (admission.ruet.ac.bd) থেকে দেখা যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি বিষয়ক পরবর্তী ধাপ সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হবে।
ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ৭৭০২ জন এবং স্থাপত্য ‘খ’ গ্রুপে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর আগে, ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের মূল ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষা রুয়েট ক্যাম্পাস এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ১৮,২৭৭ জন ভর্তি পরীক্ষার্থী থেকে ১৫,৫৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫.১৭ শতাংশ। রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬,৮৭৮ জন (৮১.১৪%) এবং বুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৮,৬৮৯ জন (৮৮.৬৬%)।
ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে অনুষ্ঠিত হয়, যা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি বিষয়ের অন্তর্ভুক্ত। স্থাপত্য ‘খ’ গ্রুপের পরীক্ষা দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষার আকারে অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সুষ্ঠু সম্পাদনের জন্য প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনিয়মের ঘটনা সামনে আসলেও রুয়েটে এবারের পরীক্ষায় এরকম কোনো ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এবারের একক ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।
/ইউএমএইচ