গৃহযুদ্ধের মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশের জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল

2026-01-25T11:56:55+00:00
2026-01-25T11:56:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গৃহযুদ্ধের মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে মিয়ানমারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম 
মিয়ানমারে জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সংগৃহীত ছবি
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশের জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় ইয়াঙ্গুন ও মান্দালয়সহ মোট ৬০টি টাউনশিপে ভোটগ্রহণ শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এই নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে।

সমালোচকরা উল্লেখ করছেন, প্রায় পাঁচ বছর আগে দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করার পর শুরু হওয়া সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। ওই অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

অং সান সু চি এখনও কারাগারে বন্দি রয়েছেন। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সহ একাধিক বিরোধী দল ভেঙে দেওয়া হয়েছে। রাজনৈতিক মাঠ বর্তমানে সামরিক-সমর্থিত ইউএসডিপির দিকে ঝুঁকে গেছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, ইউএসডিপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ধাপের ভোটগণনা শেষে ইউএসডিপি নিম্নকক্ষের ২০৯টি আসনের মধ্যে ১৯৩টিতে এবং উচ্চকক্ষের ৭৮টি আসনের মধ্যে ৫২টিতে জয়লাভ করেছে। এছাড়া আরও ১৭টি দল সংসদে কিছু সংখ্যক আসন পেয়েছে।


মিয়ানমারের নির্বাচন সশস্ত্র সংঘাতের কারণে তিন ধাপে আয়োজন করা হয়েছে। ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ৩৩০টির মধ্যে ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। 

ইউএসডিপি জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের ১০২টি আসনের মধ্যে ৮৯টিতে জয়ী হয়েছে, যা প্রায় ৮৭ শতাংশ। বাকি আসনগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলো পেয়েছে।

বিশ্লেষক ও গণতন্ত্র নিরীক্ষকরা ইউএসডিপিকে সামরিক বাহিনীর আজ্ঞাবহ দল হিসেবে বিবেচনা করেন। দলের শীর্ষ পদে অসংখ্য সাবেক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন। মিয়ানমারের নিম্নকক্ষে মোট ৪৪০টি আসন রয়েছে, যার মধ্যে ১১০টি আসন সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত।

গত ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয়। ইউএসডিপির হিসাব অনুযায়ী, দুই ধাপের ফলাফলে দলটি এখন পর্যন্ত নিম্নকক্ষের ১৭৬টি আসন পেয়েছে। অর্থাৎ তৃতীয় ধাপের ভোটের আগেই ৩৩০টি আসনের অর্ধেকেরও বেশি জয় নিশ্চিত করেছে ইউএসডিপি।

নির্বাচনের পর আগামী মার্চে সংসদ অধিবেশন বসবে। সেই সময় নিম্ন ও উচ্চকক্ষের সম্মিলিত সংসদ সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ধারণা করা হচ্ছে, জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শীর্ষ জেনারেল পদ থেকে পদত্যাগ করতে পারেন। 


/ইউএমএইচ


  বিষয়:   গৃহযুদ্ধ  জাতীয় নির্বাচন  ভোটগ্রহণ  মিয়ানমার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: