দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নতুন বাস টার্মিনাল মাঠে আয়োজিত বিএনপির বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএ