ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে চরফ্যাশনগামী একটি বাস গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিন জন মারা যান।
খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ