বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গেছে। এখন আবার নতুন করে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। অন্য ধর্মের ভাই-বোনরাও সকাল-সকাল গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনার ভোটের হিসাব কড়াই-গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে এক সাথে থেকে দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জিতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে। তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, ব্লকবাঁধ এই গুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা।
জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ